বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

এসইসির কাছে বিআইএর ৩ প্রস্তাব

Thu, Nov 17th, 2011 5:17 pm BdST

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীমা কোম্পানিগুলোর তহবিলের টাকা শেয়ারবাজারে বিনিয়োগের ব্যাপারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে তিনটি প্রস্তাব রেখেছে বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।

বৃহস্পতিবার দুপুরে এসইসির সঙ্গে বিআইএ -এর নেতাদের বৈঠকে প্রস্তাবগুলো রাখা হয়।


প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, নতুন কোম্পানি আইপিওর মাধ্যমে বাজারে আসার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের মতো ইন্সুরেন্স কোম্পানিগুলোর জন্য ১০ শতাংশ কোটা রাখা; ইন্সুরেন্স কোম্পানিগুলোকে ব্যাংকের মতো পূর্ণ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স দেওয়া এবং ইন্সুরেন্স কোম্পানিগুলোকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির (এএমসি) লাইসেন্স দেওয়া।


বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং দুই সদস্য আহসানুল ইসলাম ও নাসির উদ্দিন দুপুরে এসইসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে প্রস্তাবগুলো রাখেন।


লিখিত প্রস্তাবে বলা হয়, ইন্সুরেন্স কোম্পানিগুলোর কাছে থাকা দুই হাজার ৮৩৩ কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকার বেশি ইতিমধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ করা হয়েছে। এই মুহুর্তে তাদের হাতে প্রায় এক হাজার ৮০০ কোটি বিনিয়োগযোগ্য অর্থ রয়েছে।


তিন প্রস্তাব গৃহীত হলে ইন্সুরেন্স কোম্পানিগুলোর হাতে থাকা ওই অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করা যাবে বলে উল্লেখ করা হয়।


পুঁজিবাজারে লাইফ ফান্ডের টাকা বিনিয়োগের বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক আহসানুল ইসলাম বলেন, "লাইফ ফান্ডের টাকা সরাসরি শেয়ারবাজারে না এনে আমারা তিনটি প্রস্তাব দিয়েছি। এগুলো বাস্তবায়িত হলে ওই টাকা বিনিয়োগ অনেক ঝুঁকিমুক্ত হবে।"


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসইউ/১৭১২ ঘ.