প্রথম আলো লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রথম আলো লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ এপ্রিল, ২০১২

দুই বাজারে দরপতন বেড়েছে লেনদেন

দেশের পুঁজিবাজারে গতকাল সোমবার কিছুটা দরপতন হয়েছে। তবে লেনদেন সামান্য বেড়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে গত রোববার একটি রুল জারি করেন হাইকোর্ট। এ নিয়ে গতকাল বিনিয়োগকারী ও কারবারিদের মাঝে কিছুটা অস্থিরতা দেখা যায়, যার নেতিবাচক প্রভাব বাজারে পড়েছে। দিন শেষে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে ৬৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৫ দশমিক ৬২ পয়েন্ট। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৬৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।
এদিকে, উচ্চ আদালতের রিটের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে গতকাল দেখা করে। এ সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালীসহ ঊর্ধ্বতন নেতা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল তাঁদের জানান, উচ্চ আদালত কোনো স্থগিতাদেশ দেননি, কারণ দর্শাতে বলেছেন।
পরে ডিএসইর সভাপতি রকিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিনিয়োগকারীদের কোনো গুজবে কান দেওয়া ঠিক হবে না। আর আমরা শেয়ারবাজারের স্বার্থে এই বিষয়টির যৌক্তিকতা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আদালতের কাছে উপস্থাপন করব।’
প্রসঙ্গত, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা বা পরিচালকদের এককভাবে কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে এসইসির জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত রোববার রুল জারি করেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন।
অর্থসচিব, বাণিজ্যসচিব, এসইসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ডিএসই ও সিএসইকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
উচ্চ আদালতে গত রোববার রিটটি দায়ের করেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মাসুদা বেগমের স্বামী শেখ আবদুল মোমিন।

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

কমেছে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে মাত্র ৭ বেড়ে ৫১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ছয় মিনিটেই সূচক ৫৫ পয়েন্ট বাড়ে। আধা ঘণ্টায় সূচক বাড়ে ৭৬ পয়েন্ট। তবে এরপর সূচক বাড়ার হার কমতে কমতে এসে ৭ পয়েন্টে ঠেকে।
লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৯১টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট ৬৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, যমুনা অয়েল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লি., ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এমজেএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম ও বিএসআরএম স্টিল।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের পাঁচ লাখ শেয়ার কেনার ঘোষণা

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক/পরিচালক আলহাজ আবদুল মালেক মোল্লা ওই প্রতিষ্ঠানটির পাঁচ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা যায়, আলহাজ আবদুল মালেক মোল্লার কাছে বর্তমানে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মোট এক কোটি সাত লাখ ৯৩ হাজার ৬২৭ শেয়ার আছে। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারমূল্যে (মার্কেট প্রাইস) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আরও পাঁচ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০% শেয়ার লভ্যাংশ ঘোষণা

সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী পাঁচ জুন সকাল ১০ টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৭ এপ্রিল।
গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ১.০৯ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদের মূল্য ১৫.৩২ টাকা।

বিডি ফিন্যান্সের ১০% শেয়ার লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩ জুন সকাল ১০ টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ২৬ এপ্রিল।
গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির কর পরবর্তী মোট লভ্যাংশ ১৯ কোটি টাকারও বেশি, শেয়ারপ্রতি আয় ০.৩৬ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদের মূল্য ১৭.৫৮ টাকা।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ৪০ শতাংশ নগদ লভ্যাংশ (প্রতি দশ টাকার শেয়ারের বিপরীতে চার টাকা) ঘোষণা করেছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী সাত জুন সকাল সাড়ে ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৬ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির কর পরবর্তী মোট লভ্যাংশ ১৯ কোটি ৬০ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় ৫.২২ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদের মূল্য ২৩.২৩ টাকা।