পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেছেন, ‘অবাধ তথ্যপ্রবাহে বাধা দেয়ার কোনো ইচ্ছা বা অভিপ্রায় কমিশনের নেই। কমিশনে অনেক মূল্যসংবেদনশীল তথ্য থাকে। ইস্যু ম্যানেজারের লোকজন এসে বিভিন্ন কৌশলে সেই সব তথ্য সংগ্রহ করে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। এই জন্য আমরা কমিশনে অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করতে চাইছি। তবে সাংবাদিকদের প্রবেশ বা তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করার কোনো পরিকল্পনা কমিশনের নেই।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর গণমাধ্যমকর্মীদের প্রবেশের ক্ষেত্রে কি প্রক্রিয়া অবলম্বন করে সে বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। বৃহস্পতিবার এ নিয়ে পর্যালোচনা করে আশা করছি রোববার থেকে এসইসিতে প্রবেশরে ক্ষেত্রে সেই ধরনের পদক্ষেপ নিতে পারবো। এ সময় চেয়ারম্যান রোববার পর্যন্ত প্রচলিত নিয়ম মেনে চলতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
প্রসঙ্গত, সিকিউরিটিজ অ্যান্ড কমিশনে (এসইসি) গত রোববার এক্সেস কন্ট্রোল সিস্টেম চালু করেছে কর্তৃপক্ষ। এর ফলে এসইসির কার্যালয়ে প্রবেশে বিশেষ অনুমতি লাগবে। এদিকে এসইসিতে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্যই এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা। এ বিষয়ে এসইসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার চেষ্টা করা হলেও তিনি দেখা না করে নির্বাহী পরিচালক সাইফুর রহমানের মাধ্যমে জানান, কোনো সাংবাদিক, এসইসির কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইলে, তিনি অনুমতি প্রদান করলে তবেই ঢুকতে পারবেন। তবে অনুমতি পাওয়ার আগ পর্যন্ত গেটে অপেক্ষা করতে হবে। অথবা মুখপাত্র সাইফুর রহমানের মাধ্যমে কারো সাক্ষাৎ করার অনুমতি চাইতে হবে।
কমিশনের এমন পদক্ষেপের প্রতিবাদে আজ বুধবার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেনে গণমাধ্যমকর্মীরা।
তারা চেয়ারম্যানের বক্তব্য শোনার এবং কমিশনে তাদের প্রবেশে প্রতিবন্ধকতা থাকবে না- এমন আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছেন সাংবাদিকরা।