নিম্নমুখী প্রবনতার মধ্য দিয়ে আজ সোমবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর মাত্র ৫মিনিটের মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৬০ পয়েন্ট পড়ে যায়। এরপর থেকে পতনের মাত্রা কমতে থাকে।
এদিকে পরিচালকদের শেয়ার ক্রয় সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতে এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তবে আদালত থেকে স্থগিতাদেশ না দেয়ায় লেনদেন স্থগিত রাখার গুজবের অবসান হয়। এছাড়া রিটে পুঁজিবাজার এবং জনস্বার্থে ডিএসই প্রেসিডেন্ট রকিবুর রহমান জয়ী হওয়ার আশাবাদ ব্যাক্ত করার পর থেকে সব বিভ্রান্তির অবসান হয়। ফলে সকাল পৌনে ১২টায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবনতা ফিরে আসে। তবে তা স্থায়ী হয়নি। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে দেশের শেয়ারবাজার এখনো গুজব নির্ভর। পাশাপাশি বিনিয়োগকারীদের পর্যবেক্ষণ ক্ষমতাও অনেক কম। যে কারণে আদালতে রিটের খবর শোনামাত্র বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক ধারনার জন্ম নেয়। আর এ ধরণের উভয়মুখী সংকটের কারণে ঊর্ধ্বমুখী হয়েও মাত্র ৫ মিনিটের মাথায় পতনমুখী ধারা ফিরে আসে। তবে বিভ্রান্তির অবসান হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে বাজারে ঊর্ধ্বমুখী ধারা ফিরে আসে।
দুপুর ১ টায় ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫১১৬ পয়েন্ট। এ সময়ের মধ্যে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯০টির কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৯৩ লাখ টাকা।
আগের দিন ডিএসইর সাধারণ সূচক স্থির হয় ৫১০৬ পয়েন্টে।
দুপুর ১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৫২৯ পয়েন্ট। এ সময়ের মধ্যে লেনদেন হওয়া ১৫২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৬টির কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৯ লাখ টাকা।
সোমবার, ৯ এপ্রিল, ২০১২
ঊর্ধ্বমুখী ধারায় ফিরে এসেছে বাজার
Posted by Ultra News Update on ১২:০৭ AM