মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

সিএসইর ট্রেন্ডসেটের শেয়ার উধাও, এসইসির তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেন্ডসেট সিকিউরিটিজ হাউস থেকে বিনিয়োগকারীর ১০ লাখ শেয়ার উধাও হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ জন্য এসইসি দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

আজ মঙ্গলবার এসইসি’র নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসইসির পরিচালক মীর মোশারফ হোসেন চৌধুরীর নের্তৃত্বে দুই সদস্য বিশিষ্ট কমিটি অপর সদস্য হলো এসইসির উপ-পরিচালক ওহিদুল ইসলাম।

জানা গেছে, সিএসইর অনুমোদিত প্রতিনিধি ট্রেন্ডসেট সিকিউরিটির হাউজের এম কবিরুজ্জামান ইয়াকুব নামের এক বিনিয়োগকারীর বিও একাউন্ট থেকে পূবালী ব্যাংক লিমিটেডের ১০ লাখ শেয়ার উধাও হয়েছে। ট্রেন্ডসেট হাউজ থেকে কিভাবে এ শেয়ার উধাও হয়েছে তা যাচাইয়ের জন্য এসইসি এ হাউজ পরিদর্শনেরও সিদ্ধান্ত নিয়েছে।

এ বিনিয়োগকারীর বিও হিসাব নম্বর- ১২০২৫৭০০০৪০৩৩২৭৯।

এছাড়া সংশ্লিষ্ট স্টক ডিলার, স্টক ব্রোকার বা অনুমোদিত প্রতিনিধিরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা যাচাই করবে এসইসি।