পুঁজিবাজারে পরিচালকদের ২ শতাংশ শেয়ার ধারণের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। তবে সোমবার সকালে প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হয়নি জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মতামত এবং রুলনিশির উপযুক্ত জবাব দিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কঠোর অবস্থান জানানোর পর স্বস্তি ফিরে আসতে শুরু করে বাজারে। ফলে সূচকের ভয়াবহ ধসের আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। জানা গেছে, রোববার বাজারে পরিচালকদের রিটের গুজব ওঠায় সূচকের বেশ ওঠা-নামা দেখা যায়। একইসঙ্গে বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ওই দিন বিকালে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) পরিচালক শেখ আব্দুল মোনিম পরিচালকদের শেয়ার ধারণে জারি করা প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রাথমিক শুনানিতে উদ্যোক্তা/পরিচালকদের এককভাবে কমপক্ষে শতকরা ২ ভাগ শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলনিশি জারি করেন। এ ঘটনায় সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে ডিএসই বোর্ড। বৈঠকে সোমবারের সূচকের বড় ধরনের ধসের আশঙ্কা করে লেনদেন বন্ধ রাখা হবে কিনা তা নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত লেনদেন বন্ধ রাখা হয়নি। তবে বাজারে যেন এর নেতিবাচক প্রভাব না পড়ে এজন্য গতকাল লেনদেন শুরুর আগেই ডিএসই ও সিএসইর প্রতিনিধিরা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রুলনিশির বিষয়ে পরিষ্কার করে বলেন, পরিচালকদের এককভাবে কমপক্ষে শতকরা ২ ভাগ শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জারি করা প্রজ্ঞাপনের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ জারি করেননি হাইকোর্ট। শুধু ৪ সপ্তাহের রুলনিশি জারি করে জবাব চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা ও জবাব দেয়া হবে। সাক্ষাৎ শেষে রকিবুর রহমান বলেন, স্থগিত আদেশ না দেয়ায় বাজারে কোনো প্রভাব পড়বে না। বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি। বিনিয়োগকারীদের এ আদেশ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিএসইর জবাব দেব। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে প্রমাণ করতে সক্ষম হবে যে এসইসির প্রজ্ঞাপনটি জনস্বার্থে ও বিনিয়োগকারীদের স্বার্থে করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসইসি সদস্য মো. আবদুস সালাম, সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশীদ লালী, সহ-সভাপতি মো. শাহজাহান, পরিচালক, মিনহাজ মান্নান ইমন, মিজান উর রহমান খান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মোশাররফ হোসেন, সিএফও শুভ্রকান্তি চৌধুরী উপস্থিত ছিলেন। পরে এ খবর বাজারে ছড়িয়ে পড়লে বাজারে স্বস্তি ফিরে আসতে শুরু করে। তবে সকাল থেকে সাধারণ সূচকের নিম্নগতি দেখা যায়। তবে দিনশেষে সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৫৬টি কোমপানির ১১ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ৭৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৬৮৮ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ৯৬৪ টাকা। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ৪ লাখ টাকা বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৫ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬০ দশমিক ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৫৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির কমেছে ১১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের। ডিএসইতে গতকাল আর্থিক লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো- তিতাস গ্যাস, যমুনা অয়েল, জিএসপি ফাইন্যান্স, গ্রামীণফোন, এমআই সিমেন্ট, ডেসকো, বেক্সিমকো লি., লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম ও এমজেএল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- জিএসপি ফাইন্যান্স, প্রগ্রেসিভ লাইফ, এসিআই, জিকিউ বলপেন, আরামিট, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এটলাস বাংলা, এ আলম কোল্ড রোল্ড, মেঘনা পেট্রোলিয়াম ও তাক্কাফুল ইন্স্যুরেন্স।
সোমবার, ৯ এপ্রিল, ২০১২
পরিচালকদের রিট নিয়ে পুঁজিবাজারে আতঙ্ক, আদালতে তথ্যপ্রমাণ উপস্থাপনে প্রস্তুত ডিএসই
Posted by Ultra News Update on ৮:০৩ PM