অর্থনৈতিক রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পরিচালকদের নির্দিষ্ট সময়ের মধ্যেই শেয়ার কিনতে হবে। হাইকোর্টে রিট করলেও পুঁজিবাজার কর্তৃপক্ষ কোন সময় বৃদ্ধি করবে না। তাই রিটের কারণে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন পুঁজিবাজার কর্তৃপক্ষ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি মো. রকিবুর রহমান এটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান। এসময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রকিবুর রহমান বলেন, পরিচালকদের শেয়ার ক্রয় জনস্বার্থ সংশ্লিষ্ট। পুঁজিবাজারকে স্থিতিশীল করতে এসইসি ওই প্রজ্ঞাপন জারি করেছিল। তাই পরিচালকদের নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ার কিনতে হবে।
এসময় এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পরিচালকদের এককভাবে কমপক্ষে দুই শতাংশ শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জারি করা প্রজ্ঞাপনের বিরুদ্ধে কোন স্থগিতাদেশ জারি করেনি হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে জবাব দিতে রুলনিশি জারি করা হয়েছে। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা ও জবাব দেয়া হবে।
এদিকে পরিচালকদের রিটের খবরে গতকাল পুঁজিবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি শেয়ারের দর কমেছে। দিনশেষে সাধারণ সূচক ৭ কমে ৫ হাজার ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির মধ্যে ৮৩টির দর বেড়েছে, ১৬২টির দর কমেছে এবং অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির শেয়ারের দর। অন্যদিকে সিএসই’র সার্বিক সূচক ২৬ কমে ১৪ হাজার ৮৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
সোমবার, ৯ এপ্রিল, ২০১২
বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান
Posted by Ultra News Update on ৭:৫৫ PM