রবিবার, ৮ এপ্রিল, ২০১২

সোমবার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ডিএসই-এসইসি-সিএসইর বৈঠক

পুঁজিবাজার  নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারিকৃত সার্কুলারের ওপর করা রুলের সর্বশেষ পরিস্থিতি জানতে  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে বৈঠকে বসছে ডিএসই-এসইসি-সিএসই কর্তৃপক্ষ।  আগামীকাল সোমবার সকাল ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা  গেছে।
উল্লেখ্য, আজ রোববার সকালে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) পরিচালক শেখ আব্দুল মোনিমের দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে  নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাই কোর্ট।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা কামাল। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মো. রিয়াজ উদ্দিন। সরকার পক্ষে ছিলেন, সহকারি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।
এদিকে এ রুলের কারণে বাজারে এর নেতিবাচক প্রভাব পরার আশঙ্কায় ডিএসইর পরিচালনা পর্ষদ প্রথমে সোমবার লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও পরে তা স্থগিত করে।