পুঁজিবাজার নিয়ে আবারো কারসাজির অভিযোগ তুলেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। একই সঙ্গে শেয়ার ধারণ বিষয়ে হাইকোর্টে করা রিটের পিছনে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের হাত রয়েছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি।
আজ সোমবার দুপুরে ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী বলেন, শেয়ার ধারণের বিষয়ে সরাসরি সময় বাড়ানো হলে বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে পড়তে পারেন চিমত্মা করে, কৌশলে সময় বাড়ানোর চেষ্টা করছেন। এর আগে তিনি যখন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন তখন তিনি বলেছিলেন তিন মাসের মধ্যে বাজার স্থিতিশীল হবে। কিন্তু বছর পার হলেও বাজার স্থিতিশীল হয়নি।
তিনি বলেন, প্রায় দেড় বছর পর এসে বাজার যখন আবার স্থিতিশীলতার দিকে যাচ্ছিল তখন এই ধরনের পদক্ষেপে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। অনেক দিন পরে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরে আসতে শুরু করেছিল। এই মুহূর্তে কোনো ধরনের গুজব ছড়ানো হলে সেই আস্থা থাকবে না। এর ফলে বাজারের বর্তমান অবস্থায় আবার যদি পতন শুরু হয় তাহলে সেই পতন রোধ করা কারো পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমাদের দাবি কোনো অবস্থাতে এই সময় বাড়ানো যাবে না।