রবিবার, ৮ এপ্রিল, ২০১২

প্রবাসীদের নিয়ে ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে রক এসেট ম্যানেজমেন্ট

বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সম্পদ ব্যবস্থাপক কোম্পানি শত ভাগ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) নিয়ে ফান্ড বা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সম্পদ ব্যবস্থাপক কোম্পানিটির নাম হলো- রক এসেট ম্যানেজমেন্ট লিমিটেড। গত ৫ এপ্রিল বিকেলে কোম্পানিটি সম্পদ ব্যবস্থাপক কার্যক্রম পরিচালনার অনুমোদন পায়।

এর আগে প্রতিষ্ঠানটির সম্পদ ব্যবস্থাপক কার্যক্রম পরিচালনার সক্ষমতা রয়েছে কি না এবং অফিসের স্থানসহ অন্য বিষয় যথাযথভাবে পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হয়ে এসইসি অনুমোদন ও সনদ প্রদান করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর সনদের কোর্ড নম্বর হলো- এসইসি/এ্যাসেট ম্যানেজমেন্ট/২০১২০/৩৪।

এ বিষয়ে এসইসি’র পরিচালক (প্রশাসন) শেখ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা রয়েছে, রক এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সম্পদ ব্যবস্থাপক কার্যক্রম পরিচালনার সক্ষমতা রয়েছে এবং অফিসের স্থানসহ অন্যান্য বিষয় যথাযথভাবে পর্যবেক্ষণে সন্তুষ্ট হয়ে এসইসি প্রতিষ্ঠানটিকে সনদ প্রদান করেছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ অনুসারে রককে নিবন্ধন সনদ প্রদান করা হলো।
এ বিষয়ে যোগাযোগ করলে রক এসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জি আর চৌধুরী ও পরিচালক বশির আহমেদ শেয়ারনিউজ২৪কে বলেন, আমরা ইতিমধ্যেই ফান্ড গঠনের কাজ শুরু করেছি। বাংলাদেশের ইতিহাসে আমরাই প্রথম সম্পদ ব্যবস্থাপক কোম্পানি হিসেবে শত ভাগ যুক্তরাজ্য প্রবাসীদেও নিয়ে ফান্ড বা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি। আর এ জন্য তরুণ বাংলাদেশী পেশাদার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া কোম্পানির পরিচালক এবং শেয়ারহোল্ডার গ্রেট ব্রিটেনে আর্থিক প্রতিষ্ঠানগুলি সঙ্গে কাজ করে ব্যাপক অভিজ্ঞতা লাভ করেছেন।