মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

আগামীকাল ডিএসই ও সিএসইর বৈঠক

আগামীকাল বুধবার হাইকোর্টের রিটের জবাবের বিষয়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (এসইসি) জারি করা উদ্যোক্তা পরিচালকদের নিজ নিজ ২ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে এক পরিচালকের রিট করার পর হাইকোর্ট যে রুল জারি করেছে তার জবাব কিভাবে দেয়া হবে তা নির্ধারনেই দুই স্টক এক্সচেঞ্জ আগামীকাল বৈঠকে বসছেন।

উল্লেখ্য, গত রোববার পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে এসইসি যে প্রজ্ঞাপন জারি করেছে তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে। রিটে বলা হয়, পরিচালক পদে থাকার জন্য এসইসি এভাবে শেয়ার থাকার শর্ত জুড়ে দিতে পারেন না। কে পরিচালক থাকবে, আর কে থাকবে না, তা নির্ধারিত হয় কোম্পানি অ্যাক্ট, ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী। সেখানে এ ধরণের কোন কথা বলা নাই। তাই এটা আইনসম্মত নয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকও জনস্বার্থে কাউকে পরিচালক পদ থেকে অব্যাহতি দিতে পারে। তাই এসইসির প্রক্রিয়াটি অবৈধ।

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের পরিচালক শেখ আব্দুল মোমিন এ সংক্রান্ত এক আবেদন করলে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ গত রোববার  প্রাথমিক শুনানী শেষে এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. রিয়াজ উদ্দিন ও ব্যারিস্টার ফিদা কামাল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।

এতে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ডিএসই ও সিএসইকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২২ নভেম্বর এসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ওই কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম শেয়ার ধারণ না করতে পারলে তারা পরিচালক পদ হারাবেন।