সোমবার, ৯ এপ্রিল, ২০১২

দুই বাজারে দরপতন বেড়েছে লেনদেন

দেশের পুঁজিবাজারে গতকাল সোমবার কিছুটা দরপতন হয়েছে। তবে লেনদেন সামান্য বেড়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে গত রোববার একটি রুল জারি করেন হাইকোর্ট। এ নিয়ে গতকাল বিনিয়োগকারী ও কারবারিদের মাঝে কিছুটা অস্থিরতা দেখা যায়, যার নেতিবাচক প্রভাব বাজারে পড়েছে। দিন শেষে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে ৬৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৫ দশমিক ৬২ পয়েন্ট। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৬৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।
এদিকে, উচ্চ আদালতের রিটের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে গতকাল দেখা করে। এ সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালীসহ ঊর্ধ্বতন নেতা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল তাঁদের জানান, উচ্চ আদালত কোনো স্থগিতাদেশ দেননি, কারণ দর্শাতে বলেছেন।
পরে ডিএসইর সভাপতি রকিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিনিয়োগকারীদের কোনো গুজবে কান দেওয়া ঠিক হবে না। আর আমরা শেয়ারবাজারের স্বার্থে এই বিষয়টির যৌক্তিকতা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আদালতের কাছে উপস্থাপন করব।’
প্রসঙ্গত, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা বা পরিচালকদের এককভাবে কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে এসইসির জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত রোববার রুল জারি করেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন।
অর্থসচিব, বাণিজ্যসচিব, এসইসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ডিএসই ও সিএসইকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
উচ্চ আদালতে গত রোববার রিটটি দায়ের করেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মাসুদা বেগমের স্বামী শেখ আবদুল মোমিন।