সোমবার, ৯ এপ্রিল, ২০১২

শেয়ার ধারণের বিষয়ে নিষেধাজ্ঞা নেই : অ্যাটর্নি জেনারেল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের নিজ নিজ কোম্পানির কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা নির্দেশনা বহাল রয়েছে। এ বিষয়ে রিট হলেও হাইকোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি বলে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সকালে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

হাইকোর্ট ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট এ নির্দেশনার বিষয়ে ৪ সপ্তাহের রুল জারি করেছে। তবে কোনো স্থগিতাদেশ জারি করেনি। ফলে নির্দেশনাটি বহাল রয়েছে।

ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, ‘আশা করি সকল বিনিয়োগকারীরা হাইকোর্টের আদেশ বুঝবেন। অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে আমরা এ বিষয়ে সফল হবো।’

এর আগে সকাল সোয়া ১০টায় ডিএসই ও সিএসই প্রতিনিধিরা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যান। পরে সেখানে অনুষ্ঠিত বৈঠকে এসইসি সদস্য মো. আবদুস সালাম,  ডিএসই সভাপতি রকিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশীদ লালী, সহ-সভাপতি মো. শাহজাহান, পরিচালক, মিনহাজ মান্নান ইমন, মিজান উর রহমান খান,  প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মোশাররফ হোসেন, সিএফও শুভ্রকান্তি চৌধুরী এবং সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন উপস্থিত ছিলেন।
রকিবুর রহমান আরো বলেন, স্থগিত আদেশ না দেয়ায় বাজারে কোন প্রভাব পড়বে না। বিনিয়োগকারীদের আতংকিত না হওয়ার অনুরোধ করেন তিনি । বিনিয়োগকারীদের এ আদেশ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন ডিএসইর এই সাহসী নব নির্বাচিত সভাপতি।